Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৬, ২০২৬ , ৪:৫৮ অপরাহ্ণ

প্রভাবশালীর দখলদারিত্ব: দুমকিতে রাস্তা বন্ধ করে ১০ পরিবারকে অবরুদ্ধ

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে প্রভাব খাটিয়ে একটি চলাচলের রাস্তা দখল করে অন্তত ১০টি পরিবারকে কার্যত অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র চলাচলের পথটি হঠাৎ করে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। ফলে ওই পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হওয়া, স্কুল-কলেজে যাওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয় হয়ে উঠেছে।

অভিযোগকারী নুর ইসলাম, মোঃ ফোরকান আলী, আব্দুর রাজ্জাক হাওলাদার, ফাতেমা বেগম, রুপবান বিবি ও কবির হাওলাদারসহ স্থানীয়রা জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের নেতৃত্বে শাহজাহান সিকদার ও আইয়ুব আলী শরীফসহ কয়েকজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে তাদের চলাচলের পথটি বন্ধ করে দেন।

তারা অবিলম্বে রাস্তা উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং মুঠোফোনেও পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে দুমকি থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন