Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৫, ২০২৬ , ৫:১৭ অপরাহ্ণ

কুমার শানুর সাথে এআই ছবি ভাইরাল, মামলার হুমকি দিলেন কুনিকা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন কুনিকা।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে কুনিকা লেখেন, যারা এটি তৈরি করেছে তাদের লজ্জা পাওয়া উচিত। তিনি মনে করিয়ে দেন যে কুমার শানু এখন সুখে সংসার করছেন এবং আদালতের নির্দেশে তার ব্যক্তিত্বের অধিকার সংরক্ষিত।

অনুমতি ছাড়া এমন ছবি প্রচার করলে নির্মাতারা আইনি বিপদে পড়বেন বলে তিনি সতর্ক করেন। ভক্তদের এই ফ্যানডম যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়ে তিনি মানহানির মামলা করার কথা বলেছেন।

সম্প্রতি ‘বিগ বস ১৯’-এ থাকাকালীন কুনিকা কুমার শানুর সঙ্গে তার প্রায় ছয় বছরের দীর্ঘ সম্পর্কের কথা খোলামেলাভাবে শেয়ার করেন। কুনিকা জানান, সেই সম্পর্কের জন্য তার কোনো আফসোস নেই।

তখন তিনি নিজের মানসিক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাই সম্পর্কগুলো বজায় রাখা তার জন্য চ্যালেঞ্জিং ছিল।কুনিকা জানান, তারা একে অপরকে স্বামী-স্ত্রীর মতোই দেখতেন। সানুর ক্যারিয়ারের সাফল্যের সময় তার পোশাক নির্বাচন থেকে শুরু করে ডায়েট—সব কিছুর দেখাশোনা করতেন কুনিকা।

কুমার শানুর তৎকালীন স্ত্রী রিতা ভট্টাচার্য বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন। কুনিকা স্মরণ করেন যে রাগের মাথায় রিতা একবার হকিস্টিক দিয়ে তার গাড়িও ভেঙে দিয়েছিলেন। মূলত সন্তানদের ভরণপোষণ এবং পারিবারিক টানাপোড়েন থেকেই সেই তিক্ততার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত শানু ও কুনিকার বিচ্ছেদ ঘটে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন