Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৯, ২০২৬ , ৭:৫১ অপরাহ্ণ

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য রুখতে দুমকিতে সাকুরাসহ ৪ পরিবহনের সুপারভাইজারকে জরিমানা

লেখকঃ মোঃ রাজিবুল ইসলাম , দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি :

পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীর দুমকিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাকুরা পরিবহনসহ চারটি পরিবহনের সুপারভাইজারকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত লেবুখালীর পাগলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে সাকুরা পরিবহনকে ৪ হাজার টাকা, ইমরান ট্রাভেলস ও নারায়ণগঞ্জ ট্রাভেলসকে ২ হাজার টাকা করে এবং ডলফিন পরিবহনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশরাফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ৭৫০ টাকার ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের কাউন্টার সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশরাফ বলেন, “ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই যাত্রীদের হয়রানি বরদাশত করা হবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আজকালের কন্ঠ/আর এস/আর

প্রিন্ট করুন