Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৭, ২০২৬ , ৭:০৭ অপরাহ্ণ

নেত্রকোণায় ঈদ বাজারে জমজমাট কেনাকাটা, নিরাপত্তায় তৎপর পুলিশ

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নেত্রকোণার বিভিন্ন ঈদ বাজার। নতুন পোশাক, জুতা ও নানা পণ্যের দোকানে ভিড় করছেন ক্রেতারা। আর ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদকে সামনে রেখে নেত্রকোণা শহরের বিভিন্ন মার্কেট ও অস্থায়ী বাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। নতুন পোশাক, জুতা, প্রসাধনীসহ নানা পণ্যের দোকানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করতে সাজিয়েছেন বাহারি সব কালেকশন।

ক্রেতারা বলেন,ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য কেনাকাটা করতে এসেছি। বাজারে ভিড় একটু বেশি,গত বছরের তুলনায় এবছর দাম একটু বেশি তবে ভালো ভালো কালেকশনও রয়েছে।বিক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে জমে উঠেছে তাদের ব্যবসা। বছরের এই সময়টাতেই বিক্রি সবচেয়ে বেশি হবে বলে আশা করছেন।

বিক্রেতারা আরও বলেন, ঈদের আগে ক্রেতার চাপ অনেক বেশি। আমরা চেষ্টা করছি ভালো মানের পণ্য তুলনামূলক কম দামে দিতে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে।ঈদ বাজারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। ইউনিফর্ম ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন,নেত্রকোণা জেলায় ঈদকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মতৎপরতা দেখা দিয়েছে, সেটি মাথায় রেখে আমরা একটি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। উপজেলার বাজারগুলোতেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের পর পর্যন্ত আমাদের টহল ও তৎপরতা অব্যাহত থাকবে। আশা করছি কোনো ধরনের অপরাধ ছাড়াই সবাই আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। নিরাপদ পরিবেশে জমজমাট কেনাকাটায় ব্যস্ত এখন নেত্রকোনার ঈদ বাজার।কেনাকাটার ব্যস্ততা আর বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে নেত্রকোনার ঈদ বাজার। আশা করা হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন