কুমিল্লার মুরাদনগরে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত আইনুল ডাকাতকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে দুই উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে তার বিরুদ্ধে নতুন করে ডাকাতি ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আইনুল হক ওরফে আইনুল (৩৮) সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরী, এসআই আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল আমিন এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স সুবিলারচর গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় আইনুল পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় তার হামলায় এসআই আব্বাস কবির চৌধুরী ও এসআই রুহুল আমিন আহত হন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে আইনুলকে গ্রেপ্তারের খবর পেয়ে তার বড় ভাই ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুর ইসলাম ওরফে নুরুল (৪৬) কৌশলে পালিয়ে যায়। নুরুলের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে আইনুলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১৪টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক একটি ডাকাতির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি