Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৩, ২০২৬ , ৩:০০ অপরাহ্ণ

নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

লেখকঃ নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুর সেচতে গিয়ে কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছরের বেশি বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে অবস্থিত মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই বিদ্যালয়ের পুকুরে মাছ ধরার জন্য সেচ মেশিন বসানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের পানি কমে গেলে স্থানীয়রা মাছ ধরার প্রস্তুতি নিতে কচুরিপানা সরাতে শুরু করেন। এ সময় কচুরিপানার নিচে একটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় এক মাস আগের হতে পারে। পচন ধরার কারণে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন