পবিত্র ঈদুল ফিতর এবং পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বিজু উৎসবকে সামনে রেখে স্থানীয় অর্থনীতি গতিশীল করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে রাঙামাটিতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা–২০২৬’। এ মেলার মাধ্যমে জেলার উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার রাঙামাটি শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফীর পক্ষে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও রাঙামাটি পৌরসভার প্রশাসক মোবারক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আলমগীর হোসেন, সহকারী কমিশনার তামজিদ রহমান, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া এবং সহকারী ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
মেলায় ক্রেতাদের উপস্থিতি বাড়ছে, যা স্থানীয়ূ ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। মেলা ১২ মার্চ শুরু হয়ে আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে। এতে জেলার ৬০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।
প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে :
বাহারি পোশাক ও ফ্যাশন পণ্য, বিভিন্ন ধরনের জুয়েলারি, গৃহস্থালি সামগ্রী, চামড়া ও পাটজাত পণ্য, মাটির তৈরি নান্দনিক পণ্য, হ্যান্ডিক্রাফট, হোমমেড খাবার
মেলায় অংশ নেওয়া এক নারী উদ্যোক্তা বলেন, এ ধরনের মেলা আমাদের জন্য বড় সুযোগ। এখানে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রির পাশাপাশি নতুন বাজার তৈরির সুযোগ তৈরি হয়।
মেলায় কেনাকাটা করতে আসা এক দর্শনার্থী বলেন, এক জায়গায় এত ধরনের দেশীয় ও স্থানীয় পণ্য পাওয়া যাচ্ছে। এতে ক্রেতাদের সুবিধা হচ্ছে এবং উদ্যোক্তাদের পণ্যেরও বেশি প্রচার হচ্ছে। স্থানীয়ভাবে তৈরি পণ্য কিনলে উদ্যোক্তারা উৎসাহ পান এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয়।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়বে, বাজার সম্প্রসারিত হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ৭ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি