Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২৬ , ৩:৫১ অপরাহ্ণ

কলাপাড়ায় ধর্ষণচেষ্টা অভিযুক্ত কে জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে রিপন (৩৫) নামে এক ভ্যানচালককে সালিস বৈঠকের মাধ্যমে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়ভাবে অনুষ্ঠিত ওই সালিস বৈঠকে বিচারকের দায়িত্ব পালন করেন দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার। পরে জনসম্মুখে অভিযুক্তকে ৫০ জুতার বাড়ি দিয়ে ওই রায় কার্যকর করা হয়।

মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিস বৈঠকের মাধ্যমে এমন সিদ্ধান্ত দেওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ও সালিস সংশ্লিষ্টরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় একটি বাড়িতে ইফতারের আয়োজন ছিল। চারিপাড়া গ্রামের বাসিন্দা রিপন ওই দাওয়াতে অংশ নিতে সেখানে যান। এক পর্যায়ে আত্মীয়তার সূত্র ধরে তিনি ওই বাড়ির চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর ঘরে প্রবেশ করেন এবং তাকে জাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রিপনকে আটক করে।

পরে রাতে স্থানীয়ভাবে একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে অভিযুক্ত রিপনকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি উপস্থিত জনতার সামনে তাকে জুতার বাড়ি দিয়ে রায় কার্যকর করেন।

এ বিষয়ে দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, “বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজকালের কন্ঠ/ আর এস/এম

প্রিন্ট করুন