পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না, মন্ত্রণালয়ের সবাই সতর্ক অবস্থানে আছে। দেশে এক সময় দুর্নীতির আমল ছিল, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে; এখন এগুলোর কোনো সুযোগ নেই।
সোমবার (৯ মার্চ) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে যে খাল খননের প্রকল্প শুরু হয়েছিল তা প্রধানমন্ত্রী তারেক রহমান আবার শুরু করবেন। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় তিনি নিজে উপস্থিত হয়ে দেশব্যাপী খাল খননের কর্মসূচি উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে যেসব খাল দখল হয়ে গেছে বা দীর্ঘদিন যে খালগুলোতে কোনো ধরনের উন্নয়ন কাজ হয়নি সেসব খাল নিয়ে শীঘ্রই কাজ শুরু করব।
এ সময় লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতিও দেন পানিসম্পদ মন্ত্রী।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দীন নিজান নদী দখলের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, দেশের প্রমত্তা নদীগুলো আজ রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় দখল হয়ে খালে পরিণত হয়েছে। দখলদাররা সুবিধবঞ্চিত গরিব মানুষদের অর্থের বিনিময়ে খালের পাড়ে বসিয়ে দিয়েছে, যা নদী উদ্ধারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নদী বাঁচাতে গেলে যখন এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, তখন গরিব মানুষরাই ক্ষতিগ্রস্ত হবে। এমতাবস্থায় সাংবাদিকদের সাহসের সঙ্গে সরকারের পাশে দাঁড়াতে হবে। তারা যদি আওয়াজ না দেন তবে সরকার এই রাজনৈতিক ঝুঁকি নিতে চাইবে না।
দেশের রেলযোগাযোগ ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আশরাফ উদ্দিন নিজান একে ‘চুরির আখড়া’ হিসেবে অভিহিত করেন।
সংগঠনের সভাপতি জাকির হোসেন লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ।
এছাড়াও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক গোলাম মহিউদ্দিন খান, সড়ক বিভাগের যুগ্ম সচিব কামরুল হাসান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আহাম্মদ ফয়েজ, ডিবিসি টেলিভিশনের হেড অব নিউজ সাহাব উদ্দিন চৌধুরী, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন আরিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর সাগর, তেজগাঁও কলেজের শিক্ষক রোমান হোসাইন প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি