Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৮, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ

সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার এই বলে নেত্রকোনায় চারটি উপজেলায় নারী দিবস পালিত

লেখকঃ সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, দুর্গাপুর, আটপাড়া ও কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দিনব্যাপী স্থানীয় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

কলমাকন্দায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার জান্নাতুল ইসলাম মীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান।

সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা শুধু এক দিনের কর্মসূচি নয়, এটি সামাজিক দায়িত্ব। বাল্যবিবাহ, ইভটিজিং ও বৈষম্য প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খায়ের, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, পরিদর্শক (তদন্ত) সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

বক্তারা ১৯১১ সাল থেকে শুরু হওয়া নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সমতার পথে অগ্রগতি হলেও এখনো অনেক নারী মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই শুধু প্রতীকী সম্মান নয়, প্রয়োজন বাস্তব পরিবর্তনের। অনুষ্ঠান শেষে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে নয়জন সফল নারী উদ্যোক্তার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ এমএ জিন্নাহ, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, ওসি কামরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

আটপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, আটপাড়া থানার অফিসার ইনচার্জ জুবায়দুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সভায় নারীর ক্ষমতায়ন এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মোহনগঞ্জে প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি (এনডিপি) এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাল্টিপারপাস হলরুমে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম খান, অফিসার ইনচার্জ মো. হাফিজুল ইসলাম হারুন, এনডিপির উপজেলা কো-অর্ডিনেটর মো. জহুরুল ইসলাম প্রমুখ।

নেত্রকোনার প্রতিটি উপজেলাতেই এই দিনটিকে ঘিরে নারীদের অধিকার সচেতনতা ও আগামী দিনের ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন