Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৮, ২০২৬ , ২:৩৯ অপরাহ্ণ

স্বরূপকাঠিতে ‘পরিবর্তন সঞ্চয় সমিতি’র মালিক উধাও, গ্রাহকের প্রায় ২৪ কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

লেখকঃ মো: আব্দুল্লাহ আলহাদী

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় দীর্ঘদিন ধরে পরিচালিত ‘পরিবর্তন সঞ্চয় সমিতি’র মালিক সৌরভ গ্রাহকদের প্রায় ২৪ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাতটায় এ ঘটনা প্রকাশ্যে আসলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, উপজেলার সোহাগদাল গ্রামের নিজ বাড়িতে প্রায় ১৯ বছর ধরে ‘পরিবর্তন সঞ্চয় সমিতি’ নামে একটি সঞ্চয় প্রতিষ্ঠান পরিচালনা করতেন সৌরভ। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি এলাকাবাসীর কাছ থেকে সঞ্চয় ও বিনিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। দীর্ঘদিন ধরে গ্রাহকেরা সেখানে সঞ্চয়ের আশায় টাকা জমা রাখলেও হঠাৎ করেই প্রতিষ্ঠানের মালিক সৌরভ উধাও হয়ে যান।

শনিবার সকালে গ্রাহকেরা তাদের টাকা উত্তোলনের জন্য প্রতিষ্ঠানের অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। পরে খোঁজ নিয়ে জানা যায়, সৌরভ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এতে হাজার হাজার গ্রাহক তাদের জমানো অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

ভুক্তভোগী গ্রাহকেরা জানান, কেউ জমি বিক্রি করে, কেউ প্রবাসের কষ্টার্জিত টাকা এবং কেউ আবার সারা জীবনের সঞ্চয় এই সমিতিতে জমা রেখেছিলেন। এখন হঠাৎ করে প্রতিষ্ঠানের মালিক উধাও হয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকেরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সৌরভকে গ্রেপ্তার করে তাদের কষ্টার্জিত টাকা ফেরত দেওয়ার দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উক্ত সঞ্চয় সমিতির বইটি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন