মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার এবং স্বেচ্ছাসেবক দল নেতা সোহানুর রহমান সুমন, রাসেল ও সজিব ফকিরের মুক্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন কৃষক কুদ্দুস হাওলাদার, সান্টু হাওলাদার, মঞ্জু মুন্সী এবং নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা ও গুটাবাছা সরকারি খালে অবৈধভাবে মাছ শিকারের জন্য ছোট ফাঁসের জাল ফেলেন স্থানীয় প্রভাবশালী চানমিয়া গাজী ও ইউনুচ গাজী। বিষয়টি জানতে পেরে স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে জালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে জমা দেন।
বক্তাদের দাবি, এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন, রাসেল ও সজিব ফকির স্থানীয় কৃষকদের পক্ষে অবস্থান নেওয়ায় চানমিয়া গাজী তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
বক্তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন তারা।
আজকালের কন্ঠ/ আর এস/এম