নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহন, ওভারলোডেড ট্রাক চালানো এবং লাইসেন্সবিহীন যানবাহন চালানোর অভিযোগে ৯ ট্রাকচালককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পরিশোধ না করায় তাদের মধ্যে ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বসুরহাট পৌরসভার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অভিযান চলাকালে বালুবাহী ড্রাম ট্রাক ও ওভারলোডেড ট্রাক চালানোর দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মহিউদ্দিন, নূর হোসেন, ইসমাইল ও সাজু নামের চার ট্রাকচালককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া ট্রাক চালানোর দায়ে মাইনুদ্দীন নামের এক চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে এমদাদুল হক, দেলোয়ার হোসেন, রুপম ও সাকিব নামের চার ড্রাম ট্রাকচালককে একই আইনে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। তবে জরিমানা পরিশোধ না করায় তাদের মধ্যে চারজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার মুছাপুর ও চরএলাহী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের অনুমতি ছাড়াই নৌকা ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন ও ব্যবসা চালিয়ে আসছেন। এর ফলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ ছাড়া খোলা ট্রাকে বালু পরিবহনের কারণে সৃষ্ট ধুলাবালি, শব্দদূষণ ও যানজটে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তীরভাঙন বেড়ে মানুষের ঘরবাড়িও ঝুঁকির মুখে পড়ছে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম গণমাধ্যমকে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের কারণে সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তাই অনুমোদনহীন বালু ব্যবসা ও সংশ্লিষ্ট ট্রাকচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি