Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৪, ২০২৬ , ৫:৪১ অপরাহ্ণ

সীমান্তে রাতভর অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় ঔষধ, জিরা ও সাবান জব্দ

লেখকঃ জামাল খান , ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে জোরদার নজরদারি ও টহল কার্যক্রমের অংশ হিসেবে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, জিরা ও সাবান জব্দ করা হয়েছে। যার মোট সিজার মূল্য প্রায় ২৬ লাখ ৬১ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৪ মার্চ ২০২৬ তারিখ ভোররাত আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রুপাপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ঔষধের সিজার মূল্য ২২ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা (২২,৫৩,৮০০) বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে একই দিনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চলনাপাড়া সীমান্ত এলাকা দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা ভারতীয় জিরা ও জনসন বেবি সাবান জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৮ হাজার টাকা (৪,০৮,০০০)।সব মিলিয়ে ময়মনসিংহ ও শেরপুর জেলার পৃথক সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে মোট ২৬ লাখ ৬১ হাজার ৮০০ টাকা (২৬,৬১,৮০০) মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে ৩৯ বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজকালের কন্ঠ/ আর এস/জে

প্রিন্ট করুন