Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৪, ২০২৬ , ৪:৪৮ অপরাহ্ণ

সুনামগঞ্জের মধ্যনগরে দুই গ্রামের সংঘর্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক

লেখকঃ সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জলুষা ও দক্ষিণ আমজোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক মামলার আসামি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উত্তর আমজোড়া গ্রামের সামনে দুই পক্ষের মধ্যে এক পক্ষের কিছু দুস্কৃতিকারী রাস্তায় আটকিয়ে অন্য পক্ষের তিন জন লোক কে মাইরদুর করে পরে উভয় পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের অন্তত দশ জন আহত ও তিন জন গুরুতর আহতসহ উভয়পক্ষের অন্তত দশ জন আহত হন।

আহতদের প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-ও একজন কে কলমাকান্দা উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।ঘটনার পর এক পক্ষ মধ্যনগর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করছিলেন স্থানীয় এক সাংবাদিক। পরবর্তীতে দায়ের করা মামলায় তাকে ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সাংবাদিকের দাবি, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং কোনো পক্ষের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

মোঃ খসরুজ্জামান কবীর বলেন, তিনি দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি, একই সঙ্গে হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সদস্য ও উপজেলা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি দুই গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন।

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযোগে যাদের নাম এসেছে, তদন্তের মাধ্যমে তাদের সম্পৃক্ততা যাচাই করা হবে। নির্দোষ কেউ হয়রানির শিকার হলে তদন্তে তা স্পষ্ট হবে বলেও জানান তিনি।

স্থানীয় সাংবাদিকরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে মামলায় জড়ানো অনভিপ্রেত ও গণমাধ্যম কর্মীর স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/ আর এস/এস

প্রিন্ট করুন