ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি’র নেতৃত্বে একটি চৌকস টিম ঈশ্বরগঞ্জ থানাধীন ঈশ্বরগঞ্জ বাজার এলাকায় ময়মনসিংহ-টু-কিশোরগঞ্জ পাকা সড়কের উপর এ অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে একজন কারবারি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। সংবাদের সত্যতা যাচাইয়ে সেখানে চেকপোস্ট বসানো হয়। সন্দেহভাজন মোটরসাইকেলটিকে থামিয়ে তল্লাশি চালালে চালকের হেফাজত থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আজিজুল মিয়া (২২)। তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কৃষ্টপুর, পাটগুদাম নিউ কলোনী এলাকার বাসিন্দা। তার পিতা হানিফ মিয়া এবং মাতা মোছাঃ আয়েশা বেগম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযান শেষে মাদক ব্যবসায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল ডিএনসির এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি