Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২, ২০২৬ , ১২:০৯ অপরাহ্ণ

আমের মুকুলে সেজেছে জাবি, মৌমাছির গুনগুন

লেখকঃ ইমন সরদার জয়

বসন্তের আগমনী বার্তায় আমের মুকুলে সেজে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। হলুদাভ মুকুলে নুয়ে পড়েছে গাছের ডালপালা, আর চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি সুবাস। মৌমাছির গুনগুন ধ্বনি ও পাখির কলতানে পুরো ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে প্রাণবন্ত এক প্রাকৃতিক আবহ, যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মনে দিচ্ছে নির্মল বসন্তের ছোঁয়া।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের আমবাগান, পরিবহন চত্বর, কেন্দ্রীয় জামে মসজিদ, শহীদ মিনার, চারুকলা অনুষদসহ বিভিন্ন একাডেমিক ভবনের সামনের প্রাঙ্গণ এবং আবাসিক হলসমূহের আঙিনায় থাকা আমগাছগুলো এখন মুকুলে ভরপুর। সবুজ পাতার ফাঁকে হলুদ মুকুলের সমারোহ যেন প্রকৃতির নিজস্ব রঙের উৎসব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “প্রতি বছর বসন্তের শুরুতেই ক্যাম্পাসের আমগাছে মুকুল আসে, যা আমাদের প্রাকৃতিক পরিবেশের সুস্থতারই একটি ইতিবাচক ইঙ্গিত। আমের মুকুল শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ। মৌমাছি ও বিভিন্ন পরাগায়নকারী পতঙ্গ এই সময় সক্রিয় হয়ে ওঠে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার্থীদের উচিত এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতন হওয়া এবং গাছপালা রক্ষায় দায়িত্বশীল আচরণ করা।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন