Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৬ , ১০:৪৯ পূর্বাহ্ণ

রায়পুরে পুলিশ–স্থানীয়দের সংঘর্ষ, মামলায় ৫৬ আসামি

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় চুরি হওয়া একটি অটোরিকশার মালিক শাহ আলমকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রধান আসামির জামাতা। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভূঁইয়া রাস্তা এলাকায় অটোরিকশা চুরির সন্দেহে স্থানীয়রা চার ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক ব্যক্তিদের উদ্ধারের সময় একদল উত্তেজিত জনতা বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

এতে চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের জেরে স্থানীয়দের একটি অংশ লক্ষ্মীপুর–চাঁদপুর সড়কে আগুন জ্বালিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। পরে হামলাকারীদের শনাক্ত করে মামলায় আসামি করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

প্রিন্ট করুন