Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১, ২০২৬ , ১০:৪৬ পূর্বাহ্ণ

ডিবির অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন পশ্চিম চরকালীবাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের ওপর নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পশ্চিম চরকালীবাড়ী এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন জামালপুর সদর উপজেলার নামা হরিপুর এলাকার মো. সজিব হোসেন (২৮) এবং মো. আব্দুল হান্নান হিমেল (২১)। পুলিশ জানায়, তাদের প্রত্যেকের কাছ থেকে ৭০ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিবি পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে ইয়াবা সরবরাহ করত বলে ধারণা করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াল থাবা নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান, চেকপোস্ট তল্লাশি ও তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশের দাবি, ধারাবাহিক এসব অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রিন্ট করুন