Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬ , ৯:৫৬ অপরাহ্ণ

পাহাড়ে কোনো বৈষম্য বরদাশত করা হবে না : পার্বত্যমন্ত্রী

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। পাহাড়ে কোনো ধরনের বৈষম্য বরদাশত করা হবে না। সবাইকে সঙ্গে নিয়ে এ অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে করা হবে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম নিজ এলাকায় গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে দুপুরে রাঙামাটি সার্কিট হাউসে পৌঁছান তিনি। এর আগে তাকে সংবর্ধনা দিতে রাঙামাটি জেলার প্রবেশমুখ গোদারপাড় এলাকা থেকে শুরু করে ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী ও বনরূপাসহ শহরের বিভিন্ন পয়েন্টে অসংখ্য মানুষের ঢল নামে। জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোসহ সবখাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে যেসব দুর্গম এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। আমাদের নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। এরপর তা জনগণের সামনে উপস্থাপন করা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিএনপি এখন জনগণের সেবক। জনগণের আস্থা অর্জন এবং তাদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনগণের কল্যাণ ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রিন্ট করুন