Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬ , ২:৫০ অপরাহ্ণ

গণপিটুনি ঠেকাতে গিয়ে পুলিশ আক্রান্ত, আহত চার

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাতে অটোরিকশা চুরিকে কেন্দ্র করে ‘মব জাস্টিস’ ঠেকাতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চার সন্দেহভাজনকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের আগমুহূর্তে এক চালক তার ব্যাটারিচালিত অটোরিকশাটি বাড়ির সামনে সড়কে রেখে ইফতার করতে যান। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অটোরিকশাটি চুরি হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আশপাশে খোঁজাখুঁজি চালিয়ে চারজন সন্দেহভাজনকে আটক করে অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে অভিযোগ রয়েছে, চক্রটি অটোরিকশার ব্যাটারিগুলো অন্যত্র বিক্রি করে দিয়েছে।

এরপর আটক ব্যক্তিদের একটি বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে মারধর করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার ও গ্রেফতারের চেষ্টা করে। এ সময় কিছু লোক ‘নিজেদের বিচার নিজেরাই করবে’ বলে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় ঘটনাস্থলেই চার পুলিশ সদস্য—মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদ—আহত হন। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ চার সন্দেহভাজন চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার পর অটোরিকশাচালক ও তার পরিবারের সদস্যরা ঢাকা–রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। প্রায় আধা কিলোমিটার এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, চোরদের গ্রেফতার ও মব জাস্টিস বন্ধে পুলিশি তৎপরতার সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চার পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রাখা হয়েছে।

প্রিন্ট করুন