দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই দেবিদ্বার থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট নিয়ে কঠোর সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ-এর হলরুমে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রকাশ্যে দেবিদ্বার থানার সেকেন্ড অফিসার ও এক দারোগাকে ‘পুরোপুরি দুর্নীতিবাজ’ আখ্যা দেন এবং থানাকে দালালমুক্ত করতে ওসিকে কঠোর নির্দেশ দেন।সভায় দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, ওসি আন্তরিক হলেও তাঁর অধীনস্থ কিছু কর্মকর্তা দায়িত্বশীল নন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, থানার সেকেন্ড অফিসার টাকা ছাড়া কোনো কাজ করেন না এবং একজন এসআইয়ের বিরুদ্ধেও ঘুষ ছাড়া ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলেন।
তিনি আরও বলেন, কোনো আসামি ধরতে গেলেই আগাম তথ্য ফাঁস হয়ে যায়। এতে কার্যত ‘চোর-পুলিশের খেলা’ চলছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে এমপি হাসনাত গুরুতর অভিযোগ তুলে বলেন, থানার কার্যক্রমে পুলিশের বাইরের এক ব্যক্তির প্রভাব রয়েছে। তাঁর ভাষায়, “আপনার থানা আপনি চালান না, থানা চালায় হেলাল।”
তিনি দাবি করেন, ওই ব্যক্তি পুলিশের কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও নিয়মিত থানায় অবস্থান করেন এবং মামলার রুজু, এজাহার গ্রহণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অনানুষ্ঠানিক প্রভাব বিস্তার করছেন। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
দালাল ও মাদক সিন্ডিকেটের অভিযোগ
এমপি হাসনাত আরও অভিযোগ করেন, দেবিদ্বার থানাকে ঘিরে একটি সক্রিয় দালাল ও মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে। সাধারণ মানুষ থানায় যেতে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, ভুক্তভোগীরা যেন কোনো দালালের শরণাপন্ন না হয়ে সরাসরি থানায় গিয়ে ন্যায়বিচার পান, সে পরিবেশ নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেবিদ্বারকে দালাল ও দুর্নীতিমুক্ত করতে ব্যর্থ হলে কঠোর রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থান নেওয়া হবে।