নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে দুপুরে চানন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসউদ। তিনি প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নিয়ে আছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যান চলাচল আংশিক ব্যাহত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে অবস্থান নিয়ে এমপি হান্নান মাসউদ বলেন, বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমি এখান থেকে যাব না। তিনি ২০১৮ সালেও সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এর ওপর হামলা করেছিলেন।অভিযুক্ত বেলাল মাঝির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে বলেন,আমি ঘটনাস্থলে রয়েছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।
এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।