নারীদের বিপিএল আয়োজন প্রসঙ্গে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
আসরের ম্যাচগুলো হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা আছে প্লেয়ার্স ড্রাফটের। জাতীয় দলের তিনজন ক্রিকেটারকে আইকন খেলোয়াড় হিসেবে রাখা হবে এবং তারাই তিনটি দলের নেতৃত্ব দেবেন। নারী বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আইকনদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই তালিকায় আছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি।