লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি-এর বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ছয়টি পদে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত আইনজীবীরা আটটি পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে বিএনপি পেয়েছে ৬টি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৮টি এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিজয়ীদের মধ্যে সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্যা (উভয়েই বিএনপি) নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে আবদুল মজিদ চৌধুরী (বিএনপি) ও আবুল খায়ের (আওয়ামী লীগ), সহসম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি) ও চাঁদমনি মোহন (আওয়ামী লীগ) নির্বাচিত হন।
এ ছাড়া পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু এবং সদস্য পদে আজহার উদ্দিন রকি, ইউসুফ, মো. ইউসুফ মানিক ও আবদুল্লাহ আল নোমান (সকলেই আওয়ামী লীগ সমর্থিত) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নুরুল হুদা মুরাদ স্বতন্ত্র হিসেবে এবং জাফর আহমেদ বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জয় পান।
এদিকে পরিষদের জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী গত ২৬ জানুয়ারি এক নোটিশে ২০২৬–২৭ সালের নির্বাচনে কোনো পদে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং অধিকাংশ পদে জয়লাভ করেন।