লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা একটি নির্মাণাধীন ভবনের টয়লেটের হাউজে জমে থাকা বিষাক্ত গ্যাসের বিস্ফোরণে মো. হাসান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার মাতাব্বরহাট এলাকার শহীদ সর্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান উপজেলার চরফলকন এলাকার আবদুল মতলবের ছেলে। আহতদের মধ্যে একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে ফারুকের নাম জানা গেছে। অপর আহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে তিন শ্রমিক নির্মাণাধীন ভবনের টয়লেটের হাউজের বাঁশ খুলতে ভেতরে প্রবেশ করেন। এ সময় হাউজের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের বিস্ফোরণ হলে তারা অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।