Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬ , ৪:৫৭ অপরাহ্ণ

উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে নবনির্বাচিত এমপি ডা. আতিক মুজাহিদ

লেখকঃ ফুলবাড়ী কুড়িগ্রাম :

কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সভায় প্রশাসনিক স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম, উপজেলা মৎস্য কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
মতবিনিময় সভায় ডা. আতিক মুজাহিদ বলেন, সরকারের অগ্রাধিকার হলো সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়া। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না। ফুলবাড়ীতে মাদক কারবারির সঙ্গে যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করা এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মেরামতযোগ্য সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত সংস্কার করা হবে।

এমপি আরও বলেন, বালারহাট, বড়ভিটা বাজারসহ উপজেলার বিভিন্ন সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। এসব সড়ক দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি জানানোর সুযোগ তৈরি করতে উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এমপির মোবাইল নম্বর সংবলিত ব্যানার টানানোর ব্যবস্থাও করা হবে।

সভায় সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ, দপ্তরসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অবকাঠামোগত ঘাটতি ও জনবল সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব হবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রিন্ট করুন