Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬ , ১:৫৭ অপরাহ্ণ

হাজী মুজিবের প্রথম আগমন: কমলগঞ্জে উৎসবমুখর গণসংবর্ধনা, হাসপাতালে রোগীদের খোঁজখবর

লেখকঃ এহিয়া আহমদ রাফি কমলগঞ্জ মৌলভীবাজার

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নির্বাচনের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় পৌঁছেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি কমলগঞ্জে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং ভালোবাসায় সিক্ত হন।

দুপুরে কমলগঞ্জ সীমান্তে পৌঁছালে শত শত নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় তরুণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে নবনির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী ও সন্তানদেরও ফুলেল শুভেচ্ছা জানান।

পরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের নুরজাহান মোড়ে তার গাড়িবহর পৌঁছালে কয়েকশ মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা তাকে স্বাগত জানায়। মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে কমলগঞ্জের খোশালপুরস্থ নিজ বাসভবনে পৌঁছে দেওয়া হয়।

পুরো পথজুড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানান। হাজী মুজিবও গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় হাজী মুজিব বলেন, “এই ভালোবাসা আমার একার নয়; এই বিজয় কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের আপামর জনগণের। আপনাদের বিশ্বাস ও ভালোবাসার মর্যাদা আমি কাজের মাধ্যমে দিতে চাই। অবহেলিত জনপদগুলোর উন্নয়নে আমি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করব।”

এদিকে বিকেল ৪টায় তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন।

এ সময় মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খাঁন, যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুইয়া মেডিক্যাল অফিসার কনক কান্তি সিনহা সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন