জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা ও পালনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সুন্দরবন দিবস উদযাপন কমিটি সাতক্ষীরা জেলা শাখা। রবিবার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থা-এর নির্বাহী পরিচালক ও জেলা সুন্দরবন দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত, ইসিএ জেলা সদস্য সাকিবুর রহমান বাবলা, অ্যাডভোকেট মুহা. মনির উদ্দীন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, ফাহিম হাসনাত ইমন এবং স্বদেশ সংস্থার শরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
স্মারকলিপিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় ১২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা থেকে সুন্দরবনকে রক্ষা, উজানে অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ, পরিবেশবিধ্বংসী শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বাতিল এবং বনসংলগ্ন জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টি।
এছাড়া বনজীবী ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু অভিযোজন প্রকল্পে দুর্নীতি রোধ, এবং সুন্দরবন ও সংলগ্ন এলাকায় পরিবেশবিরোধী কার্যক্রম প্রতিহত করতে সরকার ও জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
কমিটির নেতৃবৃন্দ বলেন, উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। তাই বন রক্ষায় জাতীয় দিবস ঘোষণা করা হলে জনসচেতনতা বাড়বে এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার হবে।