রামগঞ্জ উপজেলাতে মাত্র ৫ টাকার বিদ্যুৎ বিলের লেনদেনকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। নিহত আলমগীর হোসেন (৪০) প্রবাসফেরত। অভিযুক্ত তার আপন বড় ভাই খোরশেদ আলম।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ বিলের বকেয়া ৫ টাকা পরিশোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়। পরে আলমগীর বাড়ির পাশের একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন তাকে ঘিরে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজীমি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তুচ্ছ একটি অর্থ লেনদেনকে কেন্দ্র করে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।