Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২১, ২০২৬ , ৪:০১ অপরাহ্ণ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চান বাবুর স্ত্রী বিথিকা

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এককভাবে ২০৯টি আসনে জয় পাওয়ায় জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৩৫টিতে মনোনয়ন দেওয়ার সুযোগ পাচ্ছে দলটি। এসব আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে দলের ভেতরে জোর আলোচনা শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু–এর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন। তিনি বলেন, দলীয় হাই কমান্ড চাইলে সংসদে গিয়ে জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত আছেন।

বীথিকা বলেন, “অতীতেও মানুষের পাশে ছিলাম। মনোনয়ন পাই বা না পাই, জনকল্যাণে কাজ অব্যাহত রাখব।”
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেত্রীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথের সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন শফিউল বারী বাবু। খালেদা জিয়া–এর মুক্তি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। জীবনের বড় সময় কাটাতে হয়েছে আত্মগোপনে ও কারাগারে। হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও দলীয় রাজনীতিতে ছিলেন নিবেদিত।

বাবুর মৃত্যুর পর তার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে মাঠে সক্রিয় হন বীথিকা। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাসহ বিভিন্ন এলাকায় বিএনপির কর্মসূচিতে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা বীথিকা ঢাকা বিশ্ববিদ্যালয়–কেন্দ্রিক ছাত্রদল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে নির্যাতিত ও অসহায় কর্মী-সমর্থকদের আর্থিক ও মানসিক সহায়তা দিয়ে আসছেন।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই মানুষের পাশে থাকার ইচ্ছে ছিল। প্রান্তিক মানুষের মুখের হাসিই আমার অনুপ্রেরণা। সংগঠনের মাধ্যমে যে কাজ করছি, তা আরও বড় পরিসরে করতে চাই। দল মনোনয়ন দিলে সেই সুযোগ আরও বিস্তৃত হবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন