Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৬ , ১০:৪৪ পূর্বাহ্ণ

বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

লেখকঃ আব্দুল্লাহ বেলাল , আমতলী-বরগুনা প্রতিনিধি :

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বরগুনা-১ (আমতলী–বরগুনা সদর–তালতলী) আসনের নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে এ আসনের দুই প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসাইন এবং জাতীয় পার্টি-জেপি প্রার্থী মোঃ জামাল হোসাইন।(বামদিকে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসাইন, ডানদিকে পাশে মোঃ জামাল হোসাইন।)

জানা গেছে, বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৮৭ হাজার ৫০৫টি।

প্রাপ্ত ভোটের হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২’শ ৯০ ভোট। বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১’শ ৫৪ ভোট। জাতীয় পার্টি-জেপি প্রার্থী মোঃ জামাল হোসাইন পেয়েছেন ৯’শ ৫৯ ভোট এবং ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসাইন পেয়েছেন ৫ হাজার ৪’শ ৮৩ ভোট।

নির্বাচন পরিপত্র অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট কোনো প্রার্থীকে পেতে হয়। সে হিসেবে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩৫ হাজার ৯’শ ৩৮ ভোট। কিন্তু অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসাইন ও মোঃ জামাল হোসাইন প্রয়োজনীয় ভোট অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউল হক বলেন, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। বরগুনা-১ আসনে প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৮৭ হাজার ৫০৫টি। সে হিসেবে জামানত রক্ষায় ৩৫ হাজার ৯’শ ৩৮ ভোট প্রয়োজন ছিল। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় দুই প্রার্থী জামানত হারিয়েছেন।

আজকালের কন্ঠ/ আর এস/বে

প্রিন্ট করুন