Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬ , ২:০০ অপরাহ্ণ

নির্বাচনকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশের স্পেশাল ইউনিট

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

দেশব্যাপী বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (১২ ফেব্রুয়ারি)। এ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে মাঠে থাকছে পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান।

আজ (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে।

ভোটারদের আশ্বস্ত করার কথা জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে।কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন