Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১০, ২০২৬ , ১১:২১ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর–২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার ইশতেহার ঘোষণা

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর–২ (রায়পুর–সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আবুল খায়ের ভূঁইয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা–স্বাস্থ্যখাত আধুনিকায়ন এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়েছে ইশতেহারে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় রায়পুরের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, স্থায়ী বাঁধ ও জিও-ব্যাগের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধ, যুবকদের কারিগরি ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের উন্নত বীজ ও সহায়তা প্রদান এবং সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু–তরুণদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

সাংবাদিক সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া বলেন, এলাকার সার্বিক উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতা-কর্মী ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলে যোগদান করেন।

প্রিন্ট করুন