কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারের শেষদিন সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মোড় থেকে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম শেষে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদ।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজার রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খন্দকার মইনুল হক, আহ্বায়ক মোঃ জামাল বিএসসি, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর মিয়া এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদ বলেন, তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে করোনাভাইরাস মহামারির কারণে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়েছিল। অনেক পরিকল্পনা থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আপনারা যদি আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করেন, তাহলে ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাবে।
গণমিছিল ও জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।