আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর শরীফ ওসমান হাদি হলের জিএস আহমেদ আল সাবাহ।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “ইসলামী আদর্শের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়ম দূর করা সম্ভব। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ দীর্ঘদিন ধরে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের কবলে ছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসনের বিকল্প নেই।”
এটিএম আজহারুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম রাষ্ট্রক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে, যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না এবং সকল নাগরিক ন্যায়বিচার পাবে।”
তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মো. আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী, প্রভাষক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি