আগামীকাল মঙ্গলবার সকাল থেকে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। ফলে শেষ মুহূর্তে দম ফেলার ফুরসত নেই পটুয়াখালীর চারটি সংসদীয় আসনের প্রার্থীসহ তাদের কর্মী-সমর্থকদের। ভোটারদের মন জয় করতে শেষ সময়ে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা।
জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, মিছিল, পথসভা, নির্বাচনী সভা-সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অনেককে লিফলেট ও পোস্টার হাতে নিয়ে অলিগলি চষে বেড়াতে দেখা যাচ্ছে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চলছে। প্রচারণার শেষ দিনেও অব্যাহত রয়েছে মাইকিং।
পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তবে এর মধ্যে গণঅধিকার পরিষদের পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৪ আসনের দুইজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপিকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জেলাটির চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৫২ হাজার ৫৯৮ জন, নারী ভোটার ৭ লাখ ৪৫ হাজার ২৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন।
প্রচার-প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াও পটুয়াখালী-২ ও পটুয়াখালী-৩ আসনে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এদিকে প্রচারণার শেষ লগ্নে ভোটের মাঠে উত্তাপ বেড়েছে। প্রার্থী ও সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পটুয়াখালীর নির্বাচনী এলাকা, আর ভোটারদের মধ্যেও বিরাজ করছে কৌতূহল ও আগ্রহ।
আজকালের কন্ঠ/ আর এস/এম