Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৬ , ১০:৩৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহ-২ আসনের মাটি বিএনপির শক্ত ঘাঁটি, ভোটের মাধ্যমে প্রমাণ করবে জনগণ: মোতাহার হোসেন তালুকদার

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বলেছেন, “ফুলপুর-তারাকান্দার এই মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী মানুষের মাটি। এই এলাকার জনগণ বারবার ধানের শীষের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আগামী ১২ তারিখ জনগণ তাদের ভোটের মাধ্যমে আবারও প্রমাণ করে দেবে ,ময়মনসিংহ-২ আসন শুধু বিএনপির ঘাঁটি নয়, এটি বিএনপির শক্ত ঘাঁটি।”

শুক্রবার বিকেলে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙা বাজার এবং ফুলপুর ইউনিয়নের ডেফুলিয়া বাঁশতলা বাজারে ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভা উপলক্ষে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পথসভাস্থলে উপস্থিত হন। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মোতাহার হোসেন তালুকদার বলেন, “ফুলপুর-তারাকান্দার মানুষ সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। তারা কখনো অন্যায় ও অবিচারের কাছে মাথা নত করেনি। জনগণের এই সাহস ও দৃঢ় মনোবলই বিএনপির মূল শক্তি।” তিনি আরও বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়, তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের সেই প্রত্যাশা পূরণ হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন, জনগণের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলুন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমরা বিজয় অর্জন করবো, ইনশাআল্লাহ।” তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আগামী ১২ তারিখ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দিন।”

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভা শেষে মোতাহার হোসেন তালুকদার বিহারাঙা বাজার ও ডেফুলিয়া বাঁশতলা বাজারের বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই তাকে শুভেচ্ছা জানান এবং সমর্থনের আশ্বাস দেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, ধানের শীষের প্রার্থীর পথসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং আসন্ন নির্বাচনে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন