নেত্রকোণায় ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশের আয়োজন করেছে সংগঠনটির জেলা শাখা। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিটি নেত্রকোণা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়পাড় পুলিশ লাইনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র শিবির নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. রাসেল আহমেদ বলেন, “যারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, তাদের ইসলামী ছাত্র শিবিরকে ভয় করা উচিত।” তিনি সংগঠনের আদর্শিক অবস্থান তুলে ধরে বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্র আন্দোলনের মাধ্যমেই অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমান, ১০ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান, ইসলামী ছাত্র শিবির নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি তারিকুজ্জামান তৌহিদ এবং অফিস সহকারী আতিক হাসান হৃদয়। বক্তারা সংগঠনের ইতিহাস, আদর্শ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন এবং ছাত্র সমাজকে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে জুবায়ের আহমেদ সাজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার ইসলামী ছাত্র শিবিরের কর্মী ও সাথীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি