সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই মিছিলটি বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে বিএনপির শক্ত অবস্থানের জানান দেন।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সালেহ আহমদ গেদা, মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন সাহেল, বাঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ তালুকদার এবং গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জুয়েল আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দীন, কৃষক দলের সভাপতি আবদুল মালিক ফউর, শ্রমিক দল নেতা আবদু শহীদ। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল লতিফ, ডাক্তার ময়না, মোকাদ্দছ, ফয়েজ আহমদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিলে বিএনপির প্রবীণ নেতা দুলাল আহমদও অংশ নেন, যা নেতাকর্মীদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা সৃষ্টি করে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সবসময় রাজপথে রয়েছে। তারা আশা প্রকাশ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হবেন।
আজকালের কন্ঠ/আর বি