আসন্ন নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনজন থাকবেন অস্ত্রধারী। কেন্দ্রের বাইরে থাকবে রেসপন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বলেন, নির্বাচনকালে আনসার সদস্যরাই প্রথম সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের উপস্থিতিতে ভোটাররা নিরাপদ ও স্বস্তিকর পরিবেশে ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন্দ্রের ঝুঁকির মাত্রা অনুযায়ী অস্ত্র ও সদস্যসংখ্যা নির্ধারণ করা হবে। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে দুজন সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন এবং কোনো সমস্যা দেখা দিলে ছবি বা ভিডিও ধারণ করে ‘সুরক্ষা অ্যাপস’-এ আপলোড করবেন। এতে দ্রুত পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এছাড়া প্রতিটি উপজেলায় দুটি করে স্ট্রাইকিং ফোর্স এবং জেলায় একটি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
সভায় জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার ও পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এবারের নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৪৯৬টি ভোটকেন্দ্রে ৬ হাজার ৪৪৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
আজকালের কন্ঠ/আর বি