Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬ , ১০:২১ পূর্বাহ্ণ

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সিলেটের গোলাপগঞ্জে সেনাবাহিনীর সচেতনতামূলক ক্যাম্পেইন

লেখকঃ ছাইম ইবনে আব্বাস, গোলাপগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গোলাপগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ পৌর শহরের ব্যস্ততম এলাকা চৌমুহনীতে গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বার্তা প্রদান করেন গোলাপগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মেহেদী হাসান রায়হান।

ক্যাপ্টেন মেহেদী হাসান রায়হান বলেন, “গত দুই বছর ধরে সেনাবাহিনী আপনাদের পাশে আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমরা সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। এই নির্বাচনকে সফল করতে সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা দেশবিরোধী কর্মকাণ্ডের তথ্য থাকলে তা দ্রুত সেনাবাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। সঠিক সময়ে সঠিক তথ্য পেলে সেনাবাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যে কোনো অপতৎপরতা প্রতিহত করবে বলে আশ্বাস দেন তিনি।

ক্যাপ্টেন রায়হান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কারো মনে অবৈধ, প্রতিহিংসামূলক বা পরিবেশ অস্থিতিশীল করার কোনো চিন্তা থাকে, তবে এখনই তা পরিহার করুন। এ ধরনের কোনো কর্মকাণ্ডে সেনাবাহিনী কিংবা স্থানীয় প্রশাসন বিন্দুমাত্র ছাড় দেবে না। দেশবিরোধী কাজে জড়িত থাকলে ব্যক্তি যেই হোন না কেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাচন নিয়ে বিভ্রান্তি ও গুজব প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন নিয়ে আর কোনো সংশয়ের অবকাশ নেই। আগামী ১২ তারিখ নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সেনাবাহিনীর এই সচেতনতামূলক ক্যাম্পেইনে স্থানীয় জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই নির্বাচনকালীন নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন