ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকে সমর্থন জানিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডস্থ বশির ভিলার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি কাপ-পিরিচ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ধানের শীষের তোড়া তুলে দিয়ে সোহেল ও নিজানকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে শরাফ উদ্দিন আজাদ সোহেল পুনরায় বিএনপিতে ফিরে এসে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোহেলের এই সমর্থন ইতিবাচক ভূমিকা রাখবে। এজন্য তিনি সোহেলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সভাপতি শাহেদ আলী পটু, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং ব্যবসায়ী আজিজুল করিম বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি