Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৬ , ৫:১৭ অপরাহ্ণ

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

লেখকঃ জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে পরীক্ষা শুরু হয়। চলবে সাড়ে ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। সেগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল এন্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের ভর্তি পরীক্ষায় ৭৮৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছে। যেখানে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০২ জন পরীক্ষার্থী। পরীক্ষাটি ৩টা ৩০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও ৯টি কেন্দ্রে এবং ঢাকার বাহিরে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাভার থেকে আসা পরীক্ষার্থী ফারহানা রহমান হাফসা জানান, পরীক্ষার হলে পৌঁছানোর পথে সারা রাস্তায় যানজট তেমন ছিলো না। তবে গুলিস্তান থেকে আসতে বেশ জ্যাম ছিলো, যার কারণে কেন্দ্রে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।

পুরান ঢাকায় যানজট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানে বি ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় পুরান ঢাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো বাংলাবাজার, লক্ষ্মীবাজার, রায়সাহেব বাজার ও তাঁতিবাজারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি দেখা দেয়।

মুন্সিগঞ্জ থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীর বাবা সেলিম মিয়া বলেন, তীব্র যানজটের কারণে পরীক্ষায় অংশগ্রহণে ভোগান্তিতে পড়তে হয়েছে। মুন্সিগঞ্জ আগেই রওনা দিয়েছি। কিন্তু বাবুবাজার মোড়ে এসে ভোগান্তিতে পড়েছি। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হেঁটে এসেছি।

পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন। তিনি জানান, পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছতা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার বাইরে তিনটি বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিনিধি শিক্ষকদের পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “নিরাপত্তার জন্য ক্যাম্পাসজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ অবিভাবক বসার ব্যবস্থা রাখা হয়েছে এবং ওয়াসার চারটি সুপেয় পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন