Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৬ , ১১:১৯ পূর্বাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জের বাঘা সোনাপুর বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন

লেখকঃ ছাইম ইবনে আব্বাস, সিলেট গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনী কার্যক্রম আরও বেগবান করতেই এ কার্যালয় চালু করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সোনাপুর বাজারে অবস্থিত নির্বাচনী কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ফিতা কেটে কার্যালয়ের কার্যক্রমের সূচনা ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় বিশেষ মোনাজাত করা হয়।

১নং বাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ১নং বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ স্কান্থর্প বিএনপির সভাপতি ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান মুজিব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম উদ্দীন, মুক্তিযোদ্ধা দলের উপজেলা আহ্বায়ক জামাল আহমদ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাহুল হোসেন সাহেল, কৃষক দলের উপজেলা আহ্বায়ক ফুরুক আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবুল কালাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। এই নির্বাচনী কার্যালয় স্থানীয় নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে সিলেট–৬ আসনে দলীয় আন্দোলন ও নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, এই কার্যালয় হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম কেন্দ্র। এখান থেকেই নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন