এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বিএনপির মনোনীত প্রার্থী কায়কোবাদকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যতবার নির্বাচিত হয়েছেন, ততবারই ভোটকেন্দ্র দখল ও অর্থের বিনিময়ে ভোট কেনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, শুধু এটুকু নিশ্চিত করা গেলেই যে তারা ভোটকেন্দ্র দখল করতে পারবে না, মুরাদনগর আসন থেকে ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বিপুল ভোটে জয়লাভ করবেন।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটাধিকারের একটি স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাস ক্ষমতায় না থেকেও একটি দল জনগণকে একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি করেছে। এই বাস্তবতা থেকেই ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, কুমিল্লার প্রতি তার বিশেষ বিরাগ ছিল, যার ফলে অনেক পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছে। তবে তিনি দাবি করেন, সরকারের দায়িত্বে থাকার সময় নিজে অনেক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন।তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি বলেন, কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করা নয়, বরং কাজের সুযোগ সৃষ্টি করাই তাদের লক্ষ্য।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ১৭ বছর লন্ডনে ছিলেন। আগে দেশের অলিগলি ঘুরে দেখুন, বাংলাদেশের কোথায় কী আছে তা জানুন।তিনি আরও অভিযোগ করেন, স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। একই সঙ্গে এসব কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হয়—সে প্রশ্নও তোলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে জয়লাভের জন্য একটি পক্ষ গণমাধ্যম দখলে রেখেছে। তিনি দাবি করেন, ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে জনগণের জন্য কাজ করেছেন। আগামী পাঁচ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ হাকিম সোহেলকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
আজকালের কন্ঠ/আর এস/এস