কুমিল্লা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কেউ ভোটকেন্দ্র দখল বা ভোট চুরির চেষ্টা করলে তাদেরও কঠোর পরিণতি ভোগ করতে হবে। যারা এ ধরনের পরিকল্পনা করছে, তাদের সতর্ক হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে সংশ্লিষ্টদের পুলিশে দেওয়ার আহ্বান জানান তিনি। ভোট চুরি প্রতিহত করতে এবার রাজনৈতিক নেতাদের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমে এসেছিলেন, তারাই এ দায়িত্ব পালন করবেন। সে সময় মা-বোনেরা যেভাবে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন, এবারও তারাই ভোট চুরি ঠেকাবেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে ভোট চুরির রাজনীতি শেষ হয়ে গেছে। একটি পক্ষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে না—এমন অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ‘হ্যাঁ’ ভোটের শর্তে কোথাও এমন কথা লেখা আছে কি না।
নির্বাচনে ভোটারদের দুটি ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি শাপলা প্রতীকে এবং আরেকটি ‘হ্যাঁ’ ভোট। পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ ‘হ্যাঁ’ ভোটের ওপর নির্ভর করে গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জামসেদ হোসেন, মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরীফুল ইসলাম সরকার এবং উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ঈসমাঈল হোসেন।
আজকালের কন্ঠ/আর বি