আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসন এখন উত্তপ্ত নির্বাচনী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা নিয়ে গঠিত এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের বিপরীতে শক্ত অবস্থান গড়ে তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ্ব হারিসুল বারি রনি ধারাবাহিক গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে এলাকায় ব্যাপক জনসাড়া পাচ্ছেন। বিভিন্ন গ্রাম ও জনপদে তাঁর উপস্থিতিতে ভোটারদের মধ্যে আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্নীতিমুক্ত রাজনীতি, নৈতিক নেতৃত্ব এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় হাতপাখা প্রতীকের প্রতি মানুষের আগ্রহ বাড়িয়েছে। বিশেষ করে তরুণ ও সচেতন ভোটারদের মাঝে আলহাজ্ব হারিসুল বারি রনির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা নিজ কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ বিষয়ে আলহাজ্ব হারিসুল বারি রনি বলেন, মানুষ পরিবর্তন চায়। তারা সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব খুঁজছে। ইনশাআল্লাহ কুড়িগ্রাম-১ আসনের জনগণ হাতপাখার পক্ষে রায় দিয়ে সেই পরিবর্তনের সূচনা করবে।
অপরদিকে আলহাজ্ব সাইফুর রহমান রানা জানান, জনগণের ব্যাপক সমর্থন নিয়েই তিনি নির্বাচনে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদী সব মিলিয়ে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনে এবারের নির্বাচনী লড়াই দিন দিন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আজকালের কন্ঠ/আর বি