পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত ও সাবেক নেতা-কর্মীরা। এ সময় নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদকে বয়কটের ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবে ছাত্রদলের একাংশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুনঈমুল ইসলাম মিরাজ, বিদায়ী পৌর কমিটির সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিব, সদ্য বিদায়ী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ এবং নতুন কমিটির সিনিয়র সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ও জুলাই অভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো ছাত্রনেতা কায়সার হোসেন। এ ছাড়া ছাত্রদলের প্রায় শতাধিক নেতা-কর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাউফলে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ; ত্যাগীদের অবমূল্যায়নের অভিযোগ ছাত্রদলের একাংশের দাবি, উপজেলা ছাত্রদলের ৩৫ সদস্যের নতুন কমিটিতে পদ পাওয়া অন্তত ১৫ জন নেতা অছাত্র, বিবাহিত এবং ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারী। এ সময় অভিযোগের পক্ষে তারা সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন।
এ ছাড়া তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির আন্দোলন-সংগ্রামে যেসব ছাত্রদল নেতা রাজপথে সক্রিয় ছিলেন এবং একাধিকবার হামলা, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের মধ্যে দু-একজন ছাড়া কেউই নবনির্বাচিত কমিটিতে স্থান পাননি। এ বিষয়ে তারা একটি সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন। একই সঙ্গে উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে বয়কটের ঘোষণা দেন।
আজকালের কন্ঠ/আর বি