Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২২ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে ২২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটের ৬০ গ্রাম গুড়া উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার দাপুনিয়া ভাটিপাড়ার মোঃ আকছামুল হক হীরা এবং নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার মোঃ আহলাদ মিয়া। বৃহস্পতিবার (রাত) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বেচুয়াখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছার বেচুয়াখালী বাজার এলাকায় টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ওপর বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম হোতা ও ইয়াবা ডিলার মোঃ আকছামুল হক হীরা এবং তার সহযোগী ও মাদক সরবরাহকারী মোঃ আহলাদ মিয়াকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, ইয়াবার গুড়া এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আকছামুল হক হীরা ময়মনসিংহ অঞ্চলের ইয়াবা ব্যবসার অন্যতম ডিলার ও পাইকারি সরবরাহকারী হিসেবে পরিচিত। এর আগেও তাকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ১৩৫ পিস ইয়াবা সংক্রান্ত আরেক মামলায় তাকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দুটি মামলার সাজা পরোয়ানা মাথায় নিয়েই দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে আবারও বেপরোয়া ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, দাপুনিয়া ভাটিপাড়া ও দাপুনিয়া বাজারসহ আশপাশের এলাকায় হীরার রয়েছে একটি বিশাল মাদক নেটওয়ার্ক। সে হাজার হাজার ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে সরবরাহ করত।

এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে গ্রেফতার হলেও অর্থ ও প্রভাব খাটিয়ে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ত সে। স্থানীয়রা এই চিহ্নিত মাদক কারবারির দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন